হুগলি এবার বিশ্বসেরা, জিআই ট্যাগ পেল বেগমপুরের শাড়ি ও চন্দননগরের জলভরা!
দীর্ঘ আইনি লড়াই ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগ পেল হুগলি জেলার চারটি প্রাচীন শিল্প ও খাদ্য। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এই তালিকায় রয়েছে চন্দননগরের জলভরা সন্দেশ, বলাগড়ের নৌকা শিল্প, জনাইয়ের মনোহরা এবং বেগমপুরের শাড়ি। ২০২২ সালের সেপ্টেম্বরে আবেদনের পর দীর্ঘ চার বছর শেষে নিজস্ব পরিচয় ও সুরক্ষা নিশ্চিত করল বাংলার এই চার ঐতিহ্য।
জিআই স্বীকৃতি পাওয়া এই শিল্পগুলোর মধ্যে চন্দননগরের জলভরা সন্দেশ বাঙালির আবেগ ও ঐতিহ্যের প্রতীক, যা সম্প্রতি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছেও পৌঁছে দেওয়া হয়েছিল। পাশাপাশি, শতবর্ষী বলাগড়ের নৌকা শিল্প, যা সারা ভারতের অন্যান্য নৌকা নির্মাণ পদ্ধতির তুলনায় সম্পূর্ণ আলাদা, সেটিও এই মর্যাদা পেল। এছাড়া জমিদার আমল থেকে চলে আসা চিনির কোটিং দেওয়া জনাইয়ের মনোহরা এবং তাঁতশিল্পের অনন্য নিদর্শন বেগমপুরের শাড়িও এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। এই স্বীকৃতির পর কারিগর ও ব্যবসায়ীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং আন্তর্জাতিক বাজারে পণ্য প্রসারে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।