‘দুর্নীতির প্রাসাদ’ ঘিরে গণরোষ, তৃণমূল নেতার বাড়িতে ডিম-বৃষ্টি!
দুর্নীতির অভিযোগে জনরোষের মুখে হাওড়ার তৃণমূল নেতা
হাওড়ার বালি ব্লকের তৃণমূল সভাপতি সীতানাথ গাঙ্গুলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শনিবার নিজের আলিশান বাড়ির সামনে উত্তেজিত জনতার তোপের মুখে পড়েন ওই নেতা। স্থানীয়দের অভিযোগ, গত ১৫ বছর ধরে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও তোলাবাজির মাধ্যমে তিনি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে ডিম ছুঁড়ছেন এবং প্রাণভয়ে তিনি বাড়ির ভেতরে আশ্রয় নিচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তৃণমূল নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন।
গত কয়েক সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে ইট-ডিম ছোঁড়া, মদন মিত্রের কনভয়ে হামলা, স্বপন সামন্তকে জুতোর মালা পরানো এবং কুণাল ঘোষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি নিয়ে তৃনমূল কংগ্রেসের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এসব হামলা চালাচ্ছে এবং পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি কোনো রাজনৈতিক হিংসা নয়, বরং দীর্ঘদিনের সীমাহীন দুর্নীতি ও অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।