জলাভূমি দখল করে ৫০০ অবৈধ নির্মাণ, বড় পদক্ষেপ নিল হাইকোর্ট!
ইস্ট কলকাতা মেট্রোপলিটান এলাকায় বেআইনি নির্মাণের রমরমা ও পরিবেশ বিধি লঙ্ঘনের ঘটনায় কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিনহা এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি কলকাতা পুরসভার কমিশনার, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক-সহ প্রশাসনের তিন উচ্চপদস্থ কর্তাকে আগামী ১৪ জুলাই সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন। জলাভূমি বুজিয়ে কীভাবে ওই এলাকায় পাঁচশোর বেশি বেআইনি নির্মাণ গড়ে উঠল, তা নিয়ে আদালত প্রশাসনিক জবাবদিহি তলব করেছে।
দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ বহুতল নির্মাণের অভিযোগ থাকলেও সম্প্রতি তারাতলা বিপর্যয়ের পর প্রশাসন ৩১ জুলাই পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় সমস্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বর্তমান শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা এই বিপুল সংখ্যক অবৈধ নির্মাণের ভবিষ্যৎ এবং তা ভাঙার ক্ষেত্রে প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন। হাই কোর্টের এই নির্দেশের ফলে আপাতত প্রশাসনের ওপর জবাবদিহিতার চাপ বেড়েছে এবং ভবিষ্যতে কঠোর আইনি পদক্ষেপ ও উচ্ছেদ অভিযানের সম্ভাবনা তৈরি হয়েছে।