তারাতলা বিপর্যয়ে ফিরহাদ হাকিমসহ দুই প্রাক্তন কাউন্সিলারের নামে FIR!

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ধসে ১৬ জনের মৃত্যুর ঘটনায় এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় তদন্তে গাফিলতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ তুলে ভারতীয় জনতা মজদুর সেল (BJMC) তারাতলা থানায় এই অভিযোগ দায়ের করে। ফিরহাদ হাকিমের পাশাপাশি এই অভিযোগে কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সামস ইকবালের নামও উল্লেখ করা হয়েছে।

বিজেএমসি-র অভিযোগ, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং বেআইনি নির্মাণের ফলেই এই বিপর্যয় ঘটেছে। দক্ষিণ কলকাতা জেলা বিজেএমসি-র প্রেসিডেন্ট এমবি মহেশ দাবি করেছেন, বন্দর এলাকায় এই ধরনের অবৈধ নির্মাণ চক্রের নেপথ্যে অভিযুক্ত ব্যক্তিরা জড়িত। উল্লেখ্য, এর আগে বিধানসভায় শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, সংশ্লিষ্ট গোডাউনের নকশায় তৎকালীন মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের সই ছিল। ইতিমধ্যে পুলিশ ওই সময়ের মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। তবে ফিরহাদ হাকিম পূর্বে দাবি করেছিলেন, বিল্ডিং প্ল্যান অনুমোদনে মেয়রের কোনো সরাসরি ভূমিকা বা এক্তিয়ার থাকে না, যা বিল্ডিং ডিপার্টমেন্টের দায়িত্ব। বর্তমানে এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তের পরবর্তী পদক্ষেপ কী নেয়, সেদিকেই নজর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *