ক্রিকেটের মাঠে প্রেম, বিয়ের পিঁড়িতেই বিভীষিকা! কেতন হত্যার ছকে সিয়া-চেতনের অজানা রহস্য
পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল খুনের ঘটনায় মূল অভিযুক্ত সিয়া গোয়েল ও চেতন চৌধুরীর সম্পর্কের গভীরতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। পুলিশি তদন্ত অনুযায়ী, ক্রিকেটের মাঠে পরিচয় হওয়া এই যুগল ২০২৫ সালের দীপাবলির একটি পার্টির পর থেকে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। সিয়ার পরিবারের আপত্তির কারণে পারিবারিক সম্মতিতে কেতন আগরওয়ালের সঙ্গে তাঁর বিয়ে হলেও, অভিযুক্তরা গোপনে যোগাযোগ বজায় রেখেছিলেন। কল ডিটেল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে খুনের আগের সময় পর্যন্ত সিয়া ও চেতন প্রায় ২,০০৪ বার ফোনে কথা বলেছেন, যার মোট সময়কাল ২৩৮ ঘণ্টা।
তদন্তকারীদের দাবি, গত ১৭ জুন লুল্লানগরের একটি ক্যাফেতে সিয়া ও চেতনের গোপন বৈঠকেই কেতনকে খুনের পরিকল্পনা করা হয়। এরপর ১৮ জুন লোহাগড় দুর্গের খাদ থেকে কেতনের দেহ উদ্ধার করা হয়। অভিযুক্তরা মোবাইল থেকে তাদের সমস্ত ডিজিটাল কথোপকথন ডিলিট করে দিলেও, ফরেনসিক দল তথ্য পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এছাড়া এই ঘটনায় সিয়ার দাদা সাহিল গোয়েলকে দীর্ঘ ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সাহিলের ভাষ্যমতে, সিয়া যদি আগে তাঁদের জানাতেন যে তিনি দাম্পত্য জীবনে সুখী নন, তবে পরিবার সেই বিয়ে ভেঙে দিত। বর্তমানে এই হাই-প্রোফাইল মামলার প্রতিটি দিক ডিজিটাল প্রমাণের ভিত্তিতে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।