তারাতলা বিপর্যয়ের পর কড়া প্রশাসন, রিপোর্ট মিললেই খুলবে কাজের পথ!
তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে ১৬ জনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। এই বিপর্যয়ের পেছনে নির্মাণকাজে গাফিলতি ও অনিয়মকে দায়ী করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ৩১ জুলাই পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সমস্ত বহুতল ও বাণিজ্যিক নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
আগামী এক মাস শহরের পাঁচতলার বেশি উঁচু নির্মীয়মাণ ভবনগুলো সরেজমিনে খতিয়ে দেখার জন্য কলকাতা পুরসভা, কেএমডিএ, পুলিশ, পূর্ত, দমকল ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিদের নিয়ে বিশেষ পরিদর্শক টিম গঠন করা হচ্ছে। নির্ধারিত এসওপি অনুযায়ী প্রতিটি ভবনের অনুমোদিত প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন ও নির্মাণসামগ্রীর গুণমান যাচাই করা হবে। রিপোর্ট সন্তোষজনক হলেই মিলবে কাজ শুরুর ‘নো অবজেকশন সার্টিফিকেট’।
এই নিষেধাজ্ঞা ও অডিট প্রক্রিয়ার আওতায় কলকাতার পাশাপাশি রাজারহাট-নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর এবং বারুইপুর পুরসভা এলাকাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আগামী সোমবারের বৈঠকের পর হাওড়া পুরসভাতেও নির্মীয়মাণ বহুতলগুলোর সমীক্ষা শুরু হবে। চলতি সপ্তাহের শেষ থেকেই এই পরিদর্শন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।