ঐতিহাসিক সফরে ভারতে ডোনাল্ড ট্রাম্প, বদলে যাবে সম্পর্কের সমীকরণ!
আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই হাই-প্রোফাইল সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি বছরের শেষভাগেই রুবিও নিজে নয়াদিল্লি আসছেন। ওয়াশিংটন ডিসিতে এক সাক্ষাৎকারে মার্কিন বিদেশ সচিব জানান, ভারত আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ অংশীদার। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের চমৎকার ব্যক্তিগত সম্পর্ক সমকালীন আন্তর্জাতিক কূটনীতিতে বড় ভূমিকা রাখছে।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হতে চলেছে ট্রাম্পের প্রথম ভারত সফর। এর আগে ২০২০ সালে প্রথম মেয়াদে তিনি ভারত সফর করেছিলেন। এদিকে, ট্রাম্পের নতুন ‘শুল্ক নীতি’র কারণে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে যে অস্বস্তি ও টানাপোড়েন তৈরি হয়েছিল, তা নিরসনে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। দীর্ঘ সময় ধরে কোনো বড় বাণিজ্য চুক্তি সম্পন্ন না হওয়ায়, ট্রাম্পের এই সম্ভাব্য সফর দ্বিপাক্ষিক ঝুলে থাকা ইস্যুগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।