হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে হামলা, কড়া ব্যবস্থা নিতে ইরানকে তলব ভারতের!

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে শনিবার দুটি ভারতীয় তেলবাহী জাহাজে গুলি চালানোর ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ডের চালানো এই গুলিবর্ষণের ঘটনায় কোনো ভারতীয় নাবিক বা ক্রু আহত হননি। তবে এ ঘটনার পরপরই ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে তলব করেছে দেশটির বিদেশ মন্ত্রক। আন্তর্জাতিক এই বাণিজ্যিক রুটে ভারতের জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, কী কারণে বা কোন পরিস্থিতিতে ইরানের বাহিনী ভারতীয় জাহাজে গুলি চালিয়েছে, তা তেহরানের কাছে স্পষ্ট করতে বলা হয়েছে। আমেরিকার সঙ্গে সংঘাতের আবহে ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণার পরই এ ঘটনা ঘটল। গুলিবর্ষণের ফলে জাহাজ দুটি সাময়িকভাবে পথ পরিবর্তন করতে বাধ্য হয়। বর্তমানে ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং (DGS) পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং ওই অঞ্চলে থাকা অন্যান্য ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই পথে পরিবহণ করা হয়, ফলে এই অস্থিরতা বিশ্ববাজারে তেলের দাম ও শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *