বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে শুভেন্দু, খুনিদের ফাঁসির হুংকার!
গত ১৭ জুন রাতে হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে হত্যার ঘটনায় শনিবার বিকেলে নিহতের বাঁটুল গ্রামের বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিহতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি দোষীদের দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন। গত ১৭ জুন রাতে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে সন্তোষপুরে লাঠি ও রড দিয়ে পিটিয়ে প্রশান্ত দে-কে খুন করা হয় বলে অভিযোগ। খুনের ঘটনার পরেই নিহতের ফোন থেকে পরিবারকে বিষয়টি জানানো হয়েছিল। এই ঘটনায় স্থানীয় তৃণমূল উপপ্রধান মফিজুল রহমানের নাম মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে, যিনি বর্তমানে পলাতক।
হত্যাকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে প্রশাসন। শুভেন্দু অধিকারী নিহতের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দেওয়ার পাশাপাশি নিহতের বড় মেয়ের জন্য বাগনান-২ বিডিও অফিসে চুক্তিভিত্তিক চাকরির প্রতিশ্রুতি এবং ছোট মেয়ের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা করেছেন। দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়ে প্রশাসন কড়া বার্তা দিয়েছে। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা ও গ্রামীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।