সরকারি জলপ্রকল্পে লুটপাট, নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী!
কোচবিহারের মেখলিগঞ্জের উচলপুকুরি এলাকায় একের পর এক চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উচলপুকুরির জমেরডাঙ্গা এলাকায় সরকারি জল সরবরাহ প্রকল্প এবং এক বাসিন্দার বাড়ি থেকে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা জল সরবরাহ প্রকল্পের জোন-২-এর ১ নম্বর পাম্প থেকে দুটি আই-প্ল্যান মোটর এবং একটি ডব্লিউএইচ (WH) স্কিমের মোটর চুরি করে নিয়ে যায়। একই রাতে ওই এলাকা থেকে আমিনুর মিঞা নামে এক স্থানীয় বাসিন্দার ভ্যানগাড়িও চুরি হয়েছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় চুরির ঘটনা নিয়মিত ঘটছে। এর আগে ১ নম্বর এসসি প্রাইমারি স্কুলের পাম্পের মোটর, জোন-২-এর ৩ নম্বর পাম্প থেকে বড় মোটর, ব্যাটারি ও প্যানেল বোর্ডের দামি কপার তার চুরি হয়েছে। বারবার সরকারি সরঞ্জাম চুরির ফলে এলাকার জল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ঘটনার পর স্থানীয়রা প্রশাসনের কাছে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।