কাটোয়া স্টেশনে নারী পাচারকারী দলের পর্দাফাঁস, উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা!

১৬ কেজি গাঁজাসহ কাটোয়ায় ধৃত ৩ নারী

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মাদক পাচারের একটি বড় ছক নস্যাৎ করে দিয়েছে রেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার কাটোয়া স্টেশনে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ হুগলির বলাগড়ের তিন নারীকে গ্রেফতার করা হয়েছে। দুপুরবেলায় ‘ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেস’ কাটোয়া স্টেশনে পৌঁছানোর পর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় কর্তব্যরত জিআরপি কর্মীরা তাঁদের আটক করেন। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন উত্তরের ভিত্তিতে তাঁদের ব্যাগ তল্লাশি করতেই মাদকের এই বড় চালানটি উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত নারীদের বাড়ি হুগলির বলাগড় থানা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নজর এড়াতে পাচারকারীরা সুপরিকল্পিতভাবে নারীদের ‘ক্যারিয়ার’ হিসেবে ব্যবহার করছিল। উদ্ধার হওয়া গাঁজা উত্তরবঙ্গ থেকে এনে কাটোয়া হয়ে ব্যান্ডেল এলাকায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা রুজু করে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পাচারচক্রের মূল হোতাদের শনাক্ত করতে এবং ঘটনার গভীরে পৌঁছাতে ধৃতদের চার দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে কাটোয়া রেল পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *