কোমরে দড়ি বেঁধে ঘোরানো মানবাধিকার লঙ্ঘন, পুষ্পা বিতর্কে তোপ হাইকোর্টের!
ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে গ্রেপ্তারের পর কোমরে দড়ি ও হাফ প্যান্ট পরিয়ে এলাকায় ঘোরানোর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বিচারপতি সৌগত ভট্টাচার্য এই ঘটনাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। জাহাঙ্গির খানের স্ত্রী সারিকা বিবির দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, ধৃতের সঙ্গে কোনোভাবেই মানবাধিকার ক্ষুণ্ণ করে এমন আচরণ করা যাবে না।
হাই কোর্ট আগামী সাত দিনের মধ্যে রাজ্য সরকারকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, যেখানে উল্লেখ করতে হবে যে জাহাঙ্গিরের বিরুদ্ধে নতুন কোনো এফআইআর দায়ের হয়েছে কি না। উল্লেখ্য, বাংলা-নেপাল সীমান্ত থেকে বেঙ্গল এসটিএফ-এর হাতে গ্রেপ্তারের পর জাহাঙ্গিরকে বারমুডা ও গেঞ্জি পরিয়ে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হয়। ওই সময় তাঁকে ভরা রাস্তায় কান ধরে ক্ষমা চাইতে দেখা যায়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলে শোরগোল পড়ে। মামলার পরবর্তী শুনানি আগামী ১ জুলাই নির্ধারিত হয়েছে।