মমতার পাশে থেকেও বিস্ফোরক শত্রুঘ্ন, মোদীই অপ্রতিদ্বন্দ্বী!
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানতে অস্বীকার শত্রুঘ্ন সিনহার, প্রশংসা মোদীর
তৃণমূল কংগ্রেসের অন্দরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আসানসোলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহার সাম্প্রতিক সাক্ষাৎকার। এক সাক্ষাৎকারে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের নেতা মানতে সরাসরি অস্বীকার করেছেন তিনি। বর্ষীয়ান এই সাংসদ দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নেতা হিসেবে গ্রহণ করেন না। তাঁর এই মন্তব্য দলের শীর্ষ নেতৃত্বের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের অটল আনুগত্যের কথা পুনর্ব্যক্ত করে শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, কঠিন সময়ে পাশে দাঁড়ানো নেত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা তাঁর পক্ষে অসম্ভব। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত থাকলেও, এই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। মোদীকে ‘প্রশংসার যোগ্য’ আখ্যা দিয়ে সাংসদ বলেন, প্রধানমন্ত্রী প্রচণ্ড কর্মশক্তির অধিকারী এবং দিনে ২৪ ঘণ্টাই তিনি কাজ করতে পারেন।
অন্যদিকে, দলের বিদ্রোহী নেতাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে শত্রুঘ্ন বলেন, ব্যক্তিস্বার্থে দলত্যাগ করলে ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তৃণমূলে থাকলেও তাঁর ছেলে কুশ সিনহার ঝোঁক বিজেপির নীতি ও আদর্শের দিকে, যা তাঁর ছেলের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। শত্রুঘ্ন সিনহার এই অবস্থান রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।