স্বাধীনতার সাক্ষী শতায়ু পুলিশ অফিসার! শ্যামাপ্রসাদের স্মৃতিচারণে আবেগঘন বোলপুরের ‘লিভিং লেজেন্ড’
স্বাধীন ভারতের প্রথম ব্যাচের পুলিশ অফিসার শতায়ু কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়
বোলপুরের সুঁড়িপাড়ার বাসিন্দা ১০৫ বছর বয়সী প্রবীণ পুলিশ আধিকারিক কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করে এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বাণ গঙ্গোপাধ্যায়। স্বাধীন ভারতের প্রথম ব্যাচের এই পুলিশ অফিসার নিজ চোখে প্রত্যক্ষ করেছিলেন দেশের প্রথম মন্ত্রিসভার বৈঠক এবং ভারতের প্রথম শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। ১৯২১ সালে জন্ম নেওয়া কৃষ্ণ দাস তাঁর স্মৃতিচারণায় জানান, দেশভাগের যন্ত্রণায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কতটা ব্যথিত ছিলেন এবং তিনি কখনোই বাংলা ভাগ চাননি। প্রবীণের এই ঐতিহাসিক বয়ানের সঙ্গে গবেষক অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সংগৃহীত তথ্যের হুবহু মিল পাওয়া গেছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করে তাঁকে উত্তরীয়, পুষ্পস্তবক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ও দুর্লভ বই উপহার দেওয়া হয়। অনির্বাণ গঙ্গোপাধ্যায় জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন এমন মাত্র তিনজন ব্যক্তিকে তিনি খুঁজে পেয়েছেন এবং তাঁদের মধ্যে একজনকে সরাসরি সাক্ষাতের অভিজ্ঞতা তাঁর কাছে তীর্থদর্শনের মতো। স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের রূপান্তরের এক জীবন্ত সাক্ষী হিসেবে বোলপুরের কৃষ্ণ দাস এই মুহূর্তে ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে রয়েছেন।