ভিনরাজ্যে লিভ-ইন করলেই বিপদ, আসছে নতুন কড়া নিয়ম!

উত্তরাখণ্ড, আসাম ও গুজরাতের পর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি (UCC) চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার রাজ্য বিধানসভায় এই বিলটি পেশ করতে পারে সরকার। ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক এবং সম্পত্তির মতো ব্যক্তিগত বিষয়গুলোতে সকল নাগরিকের জন্য সমান আইন নিশ্চিত করাই এই বিলের মূল লক্ষ্য। তবে এই বিল পাশ হলে সবচেয়ে বড় প্রভাব পড়বে লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে, যা আর ব্যক্তিগত গোপনীয়তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং তা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো বাধ্যতামূলক হতে চলেছে।

প্রস্তাবিত এই আইন অনুযায়ী, লিভ-ইন সম্পর্ক শুরু করার ৩০ দিনের মধ্যে তা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক হবে এবং বিয়ের ক্ষেত্রেও ৬০ দিনের মধ্যে আইনি নথিবদ্ধকরণ সম্পন্ন করতে হবে। উত্তরাখণ্ডের মডেল অনুসরণ করে তৈরি করা এই বিলের আওতায় রাজ্যের স্থায়ী বাসিন্দারা ভিনরাজ্য বা দেশের বাইরে থাকলেও তাঁদের লিভ-ইন সম্পর্কের তথ্য রাজ্য সরকারকে জানাতে হবে। একইভাবে অন্য রাজ্যের কোনো যুগল বাংলায় এসে লিভ-ইন সম্পর্কে থাকলে তাঁদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড অথবা দশ হাজার টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রাখা হয়েছে। বিধানসভায় বিলটি পেশের পর এই নজরদারি ও জরিমানার বিষয়গুলো নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *