চা নাকি কফি? আপনার প্রিয় পানীয়ই ফাঁস করবে মস্তিষ্কের গোপন খবর!
চা এবং কফি—এই দুই পানীয়ের মধ্যে পছন্দের পার্থক্য কেবল স্বাদের ওপর নির্ভর করে না, বরং এটি মানুষের মস্তিষ্কের কার্যপ্রণালী ও দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, কফি পান করলে শরীরে দ্রুত মানসিক উদ্দীপনা তৈরি হয়, যেখানে চা পান করলে মস্তিষ্ক দীর্ঘক্ষণ ধীরস্থিরভাবে সজাগ থাকে। মূলত মানুষের কাজের গতি এবং মানসিক ছন্দের চাহিদাই তাদের এই পানীয় নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলে।
ক্যাফেইনের পরিমাণের ভিত্তিতে এই দুই পানীয়ের কার্যকারিতায় ভিন্নতা দেখা যায়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিস-এর তথ্যমতে, এক কাপ কফিতে ৯৫ থেকে ১৬৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে যা তাৎক্ষণিক সক্রিয়তা বাড়ায়। অন্যদিকে, চায়ে ক্যাফেইনের মাত্রা কম থাকলেও এতে থাকা ‘এল-থিয়ানিন’ নামক অ্যামাইনো অ্যাসিড মানসিক মেজাজ উন্নত করে এবং গভীর মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া চায়ের এই উপাদানটি ক্যাফেইনের কারণে সৃষ্ট স্নায়বিক অস্থিরতা কমাতেও কার্যকর। ফলে যারা দ্রুত কর্মশক্তি প্রয়োজন বোধ করেন তারা কফি বেছে নেন এবং যারা মানসিক প্রশান্তি ও স্থিতিশীলতা পছন্দ করেন, তারা চা পানের অভ্যাস গড়ে তোলেন।