বিজেপি নেতার বাড়িতে ভয়ংকর হামলা, নেপথ্যে বিধায়কের ষড়যন্ত্র?
কোচবিহারের সিতাইয়ে বিজেপি নেতা তথা ২০২৬ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী আশুতোষ বর্মার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে আশুতোষ বর্মার বাড়িতে ওই চারজন প্রবেশ করলে নিরাপত্তারক্ষীদের তল্লাশিতে তাদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। ঘটনায় ধৃতদের নাম চিরঞ্জিৎ বর্মণ, বিষ্ণুচন্দ্র বর্মণ, জয়দেব বর্মণ এবং জগৎচন্দ্র বর্মণ। এ বিষয়ে মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বিজেপি নেতা।
আশুতোষ বর্মার অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়ার বিরুদ্ধে জাতিগত শংসাপত্র জালিয়াতির অভিযোগ তোলায় আক্রোশবশত তাঁকে খুনের ছক কষা হয়েছিল এবং ধৃতদের মধ্যে দু’জন বিধায়কের ঘনিষ্ঠ। তবে সব অভিযোগ অস্বীকার করে তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়া দাবি করেছেন, ধৃতদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং তিনি বর্তমানে চিকিৎসার জন্য জেলার বাইরে রয়েছেন। বিধায়কের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা শংসাপত্র সংক্রান্ত অভিযোগ ভিত্তিহীন। বর্তমানে পুলিশ ঘটনার প্রকৃত উদ্দেশ্য এবং অস্ত্রের উৎস অনুসন্ধানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।