৩২ লক্ষ খরচ করেও ডাক্তার নেই! পান্ডুয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
৩২ লক্ষ টাকায় সংস্কারের পরেও তালাবন্ধ পান্ডুয়ার দাতব্য চিকিৎসালয়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
হুগলির পান্ডুয়ার মণ্ডলাই গ্রামের সরকারি দাতব্য চিকিৎসালয়টি ৩২ লক্ষ ২৪ হাজার টাকা ব্যয়ে সংস্কার করা হলেও তা দীর্ঘ দিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসকের অভাব ও পরিষেবা না মেলায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় তৃণমূল নেতা শুভঙ্কর নন্দী ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য শিল্পা নন্দীর নাম উল্লেখ করে পোস্টার দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বিপুল অর্থ খরচ করে ভবন সংস্কার হলেও দীর্ঘ সময় ধরে চিকিৎসালয় চত্বর আগাছা ও জঙ্গলে ঢেকে রয়েছে। পরিষেবা চালু না থাকায় পান্ডুয়া, চুঁচুড়া বা কালনা হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে প্রায় ১০-১২টি গ্রামের প্রান্তিক মানুষকে, যা তাদের জন্য বাড়তি আর্থিক বোঝার কারণ হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা শুভঙ্কর নন্দী জানান, জেলা পরিষদের উদ্যোগে ভবনের সংস্কার কাজ সম্পন্ন করা হলেও স্বাস্থ্য দপ্তরে বারবার আবেদন করেও চিকিৎসক নিয়োগ করা সম্ভব হয়নি। তিনি দ্রুত এই কেন্দ্রে চিকিৎসা পরিষেবা চালুর দাবি জানিয়েছেন। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলকে তীব্র আক্রমণ করে পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার অভিযোগ করেন, সরকারি টাকা নয়ছয় করে কেবল ভবন তৈরি করা হয়েছে। তিনি দ্রুত এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক আনার ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন।