২১ জুলাই ধর্মতলায় নো-এন্ট্রি, অনুমতি ছাড়াই রাস্তা মাপার অভিযোগে তৃণমূলের ৩ নেতার বিরুদ্ধে FIR!
কলকাতা: একুশে জুলাইয়ের মেগা সমাবেশকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রশাসনের মধ্যে নজিরবিহীন সংঘাতের সৃষ্টি হয়েছে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি খারিজ করে দিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি, অনুমতি পাওয়ার আগেই সভাস্থল পরিদর্শনের জেরে তৃণমূল সাংসদ দোলা সেন, বিধায়ক কুণাল ঘোষ এবং বর্ষীয়ান নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে লালবাজার।
কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ জানিয়েছেন, ভিক্টোরিয়া হাউসের আশপাশের এলাকা অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এবং ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (BNSS)-এর ১৬৩ ধারা জারি থাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে এই জনসভার অনুমতি দেওয়া সম্ভব নয়। এদিকে, পুলিশের চূড়ান্ত অনুমতি ছাড়া সভাস্থল পরিমাপ ও পরিদর্শনের ঘটনায় সরকারি কাজে বাধা, ট্রাফিক আইন লঙ্ঘন এবং নিষিদ্ধ এলাকায় বেআইনি প্রবেশের অভিযোগে সংশ্লিষ্ট তৃণমূল নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই আইনি পদক্ষেপের প্রেক্ষিতে শাসক দলের পক্ষ থেকে বিস্ময় প্রকাশ করা হয়েছে।