লুঙ্গি বা হাফপ্যান্ট পরে টোটো নয়! পথে নেমে কড়া বার্তা ওসির

দত্তপুকুরের ব্যস্ত যশোর রোডে টোটো চালকদের পোশাক নিয়ে কড়া বার্তা দিয়েছেন ট্রাফিক গার্ডের ওসি দেবদাস দেবনাথ। মঙ্গলবার বামনগাছি চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় হাফপ্যান্ট ও লুঙ্গি পরে টোটো চালানো বেশ কয়েকজনকে থামিয়ে তিনি সতর্ক করেন। ওসি চালকদের বোঝান যে, হাফপ্যান্ট কিংবা লুঙ্গি পরে গাড়ি চালানো নিরাপদ নয় এবং এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। বিশেষ করে ব্রেক কষার সময় লুঙ্গি পায়ে জড়িয়ে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা থাকে বলে তিনি চালকদের সতর্ক করেন। এছাড়া সামাজিক শালীনতা ও মহিলা যাত্রীদের যাতায়াতের কথা ভেবেও তিনি চালকদের যথাযথ পোশাক পরার পরামর্শ দেন।

ওসির এই নির্দেশনার বিষয়ে ডিএসপি (ট্রাফিক) নিহাররঞ্জন রায় জানান, চালকদের পোশাক নিয়ে সরকারের নির্দিষ্ট কোনো নির্দেশিকা না থাকলেও, জননিরাপত্তা ও শৃঙ্খলার খাতিরে পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয়। ওসির যুক্তিতে সহমত পোষণ করে চালকদের অনেকেই নির্দেশ মেনে চলার আশ্বাস দিয়েছেন। এছাড়া নিয়মিত টোটোতে যাতায়াতকারী যাত্রী বিশেষ করে মহিলারা পুলিশের এই সচেতনতামূলক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। পুলিশের এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগটি বর্তমানে এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *