২১ জুলাইয়ের মুখে ধর্মতলায় ১৬৩ ধারা, বড় বিপাকে তৃণমূল!
আগামী ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত টানা ৬০ দিনের জন্য ধর্মতলার ভিক্টোরিয়া হাউস ও তার আশেপাশের এলাকায় সমস্ত ধরনের সভা, সমাবেশ ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ নম্বর ধারা কার্যকর করে কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দ এই নির্দেশ জারি করেছেন। এই নিষেধাজ্ঞার ফলে সিআর অ্যাভিনিউয়ের কেসি দাস ক্রসিং থেকে ওয়াই চ্যানেল এবং ভিক্টোরিয়া হাউস ও পার্শ্ববর্তী রাস্তাগুলোতে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল বা অস্ত্র নিয়ে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রশাসনের দাবি, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে শহরের আইন-শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার সময়সীমার মধ্যেই তৃণমূল কংগ্রেসের বার্ষিক ‘শহিদ দিবস’ বা ২১ জুলাইয়ের অনুষ্ঠানটি পড়ায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম লঙ্ঘন করলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। বেন্টিঙ্ক স্ট্রিটকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হলেও, অন্যান্য এলাকায় নিষেধাজ্ঞা চলাকালীন তৃণমূলের কর্মসূচি নিয়ে ধোঁয়াশা কাটেনি।