সিলেবাসে শ্যামাপ্রসাদ, পড়ুয়াদের ‘নেশন ফার্স্ট’ বার্তা মুখ্যমন্ত্রীর!
ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার কলকাতার মিত্র ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী। এদিন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি ঘোষণা করেন, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, স্কুলের সার্বিক উন্নয়নের জন্য একাধিক সহায়তামূলক পদক্ষেপের কথাও তিনি ঘোষণা করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী ‘নেশন ফার্স্ট’ বা জাতীয়তাবাদের বার্তা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে দেশের স্বার্থকে সর্বদা সবার ঊর্ধ্বে স্থান দিতে হবে। মূলত নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগিয়ে তুলতেই তিনি এই বার্তা দেন।