সেবাশ্রয়ের ভুল চিকিৎসায় পা হারালেন রোগী, অভিষেকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা!
দক্ষিণ ২৪ পরগনার আক্রার বাসিন্দা মালতী বিশ্বাস হাঁটু ব্যথার চিকিৎসার জন্য ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ ক্যাম্পে গিয়ে শারীরিক অবস্থার চরম অবনতির শিকার হয়েছেন। অভিযোগ, ওই ক্যাম্প থেকে দেওয়া ওষুধ সেবনের পরই তাঁর শারীরিক পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পরিস্থিতির অবনতি হলে তাঁকে একাধিক হাসপাতালে ভর্তি করা হয় এবং শেষ পর্যন্ত ন্যাশনাল মেডিক্যাল কলেজে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি পা কেটে বাদ দিতে হয়।
এই মর্মান্তিক ঘটনার পর ভুক্তভোগী মালতী বিশ্বাস রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ মোট ১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর পরিবারের দাবি, বিষয়টি নিয়ে সেবাশ্রয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সুরাহা পাওয়া যায়নি। উল্লেখ্য, এই ক্যাম্পের বিরুদ্ধে এর আগেও হাতুড়ে চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ উঠেছিল।