আশাকর্মী ও অঙ্গনওয়াড়িদের বেতন বাড়ল এক ধাক্কায় ৫ হাজার টাকা!
July 10, 2026
রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মাসিক সাম্মানিক এক ধাক্কায় ৫ হাজার টাকা বৃদ্ধি করল রাজ্য সরকার। বাজেট প্রতিশ্রুতি অনুযায়ী এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী ১ অগাস্ট থেকে তা কার্যকর হবে। নারী ও শিশুকল্যাণ দফতরের জারি করা বিজ্ঞপ্তির বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিশ্চিত করেছেন।
নতুন নিয়ম অনুযায়ী, অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিক বেড়ে হয়েছে ১৪,০০০ টাকা এবং সহায়িকাদের বেতন দাঁড়িয়েছে ১১,৮০০ টাকা। পাশাপাশি, আশাকর্মীদের মাসিক সাম্মানিকের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ১১,২৫০ টাকা। কেন্দ্রীয় প্রকল্পের টাকা যুক্ত করেই এই চূড়ান্ত হিসাব নির্ধারিত হয়েছে। সরকারি ও বেসরকারি উভয় আইসিডিএস প্রকল্পের কর্মীরাই রাজ্যের নিজস্ব তহবিল থেকে এই বাড়তি আর্থিক সুবিধা পাবেন।