২২ কোটির সমুদ্রবাঁধ উধাও! আতঙ্কে থাকা সুন্দরবনবাসীকে মন্ত্রী কী শর্ত দিলেন?
বর্ষা মৌসুম শুরু হতেই উত্তাল সমুদ্র ও নদীর জলোচ্ছ্বাসের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন সুন্দরবনের পাথরপ্রতিমার জি-প্লট পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। গোবর্ধনপুর অঞ্চলে সমুদ্রবাঁধের বেহাল অবস্থার সুযোগে অমাবস্যা ও পূর্ণিমার কটালে নোনা জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এই উদ্বেগজনক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সম্প্রতি সেচদপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পাঁচ বছর আগে ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সমুদ্রবাঁধটি দেড় বছরের মধ্যেই ভেঙে বিলীন হয়ে গেছে। এ বিষয়ে গ্রামবাসীরা মন্ত্রীর কাছে একটি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। গ্রামবাসীদের সমস্যার কথা শোনার পর মন্ত্রী দীপঙ্কর জানা আশ্বাস দিয়েছেন, স্থানীয়রা যদি বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি প্রদান করেন, তবে রাজ্য সরকার দ্রুত স্থায়ী সমুদ্রবাঁধ নির্মাণের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।