দিনের আলোয় ফাঁকা বাড়িতে দুঃসাহসী চুরি, সর্বস্ব খুইয়ে দিশেহারা পরিবার!
মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনিতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুরে রেলকর্মী মনোজকুমার আগরওয়াল সস্ত্রীক মহানন্দাপল্লির বাড়িতে গেলে, এই সুযোগে দুষ্কৃতীরা তার রেল কোয়ার্টারে হানা দেয়। জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে আলমারির লকার থেকে লক্ষাধিক নগদ টাকা এবং কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি করে তারা পালিয়ে যায়। দুপুর দেড়টা নাগাদ বাড়ি ফিরে রেলকর্মী চুরির বিষয়টি বুঝতে পারেন।
এই ঘটনার খবর পেয়েই ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অপরাধীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এবং খোয়া যাওয়া টাকা বা গয়নাও উদ্ধার হয়নি। তবে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন কয়েকজনের ওপর নজর রাখা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।