১৫ বছরের ক্ষোভের বিস্ফোরণ! তৃণমূল প্রধানের বাড়ি ঘেরাও করে কী করলেন গ্রামবাসী?
July 10, 2026
আবাস যোজনায় কাটমানি এবং জব কার্ডে দুর্নীতির অভিযোগ তুলে কোচবিহারের টাকাগাছ-রাজারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমি বর্মনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। বৃহস্পতিবার প্রধানের বাড়ির সামনে রাস্তা অবরোধ করে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত প্রধানের স্বামী ধীরাজ বর্মন দীর্ঘদিন ধরে বকলমে পঞ্চায়েত পরিচালনা করছেন এবং সরকারি প্রকল্পের বিপুল অর্থ নয়ছয় করার পাশাপাশি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছেন।
উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে অবশেষে পিছু হটেন পঞ্চায়েত প্রধান রুমি বর্মন। তিনি সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেও শেষপর্যন্ত গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।