কোটি টাকার প্রকল্পে ভোলবদল, নতুন পথে বর্ধমান উন্নয়ন সংস্থা!
July 11, 2026
রাজ্যে পালাবদলের দুই মাসের মাথায় বর্ধমান উন্নয়ন সংস্থার থমকে থাকা উন্নয়নমূলক কাজ পুনরায় শুরু হয়েছে। পূর্ববর্তী সরকারের আমলে প্রশাসনিক অস্থিরতা ও আর্থিক সঙ্কটের কারণে এই সংস্থার উন্নয়ন কাজ কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। বর্তমান জেলাশাসকের নেতৃত্বে গঠিত নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পরই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের তহবিল থেকে ১ কোটি ৪৭ লক্ষ ৫৮ হাজার ২১২ টাকা ব্যয়ে চারটি নতুন প্রকল্প নেওয়া হয়েছে এবং সেগুলোর টেন্ডার প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
এই বরাদ্দের আওতায় বর্ধমানের ঘোড়দৌড় চটি, তেজগঞ্জ, বৈকুণ্ঠপুর-২ ও বেলকাশ পঞ্চায়েত এলাকায় কংক্রিটের রাস্তা ও পাকা নর্দমা নির্মাণ করা হবে। উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের শেষ ছয় মাসে এলাকায় মাত্র দু’টি কাজের টেন্ডার হয়েছিল। এখন নতুন করে উন্নয়নমূলক কাজে গতি আসায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।