নিজের ভাবমূর্তি বাঁচাতে গিয়ে ডিভিশন বেঞ্চের রোষানলে জেলাশাসক!

ভিআইপি রোড থেকে উল্টোডাঙা পর্যন্ত এলাকায় বেআইনি নির্মাণ ও জবরদখলের ঘটনায় দায়ের করা মামলায় উত্তর ২৪ পরগনার জেলাশাসককে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট। বারবার সতর্ক করা সত্ত্বেও দায়সারা রিপোর্ট জমা দেওয়ার কারণে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ক্ষুব্ধ হয়ে আগামী ২৩ জুলাই জেলাশাসককে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। একজন গ্রুপ-ডি কর্মীর মাধ্যমে অস্পষ্ট রিপোর্ট জমা দেওয়াকে কেন্দ্র করে আদালত প্রশ্ন তুলেছে, জেলাশাসক নিজেকে ডিভিশন বেঞ্চের চেয়েও বেশি ক্ষমতাধর মনে করেন কি না।

২০২২ সালে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলায় অভিযোগ উঠেছিল যে, রাস্তার ধারের নয়নজুলি বুজিয়ে বেআইনি পার্কিং ও বিয়েবাড়ি নির্মাণ করা হয়েছে। প্রশাসন ইতিপূর্বে জবরদখলের কথা স্বীকার করলেও পরবর্তীতে সেই সংক্রান্ত কোনো যথাযথ রিপোর্ট পেশ করতে ব্যর্থ হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, ইচ্ছে করে নির্দেশ অমান্য করে প্রশাসনের তরফে ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই আগামিকাল ২৩ জুলাই জেলাশাসককে উপযুক্ত হলফনামা ও বিস্তারিত রিপোর্ট নিয়ে সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *