ডিসেম্বরেই কি সব পুরসভায় নির্বাচন? দীর্ঘ প্রতীক্ষার পর মিলবে মুক্তি!
রাজ্যের প্রশাসক পরিচালিত পুরসভাগুলিতে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার ভাটপাড়ায় পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, বর্তমানে হাওড়া ও বিধাননগরসহ একাধিক পুরসভা দীর্ঘদিন ধরে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হওয়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। জনগণের স্বার্থে নির্বাচিত প্রতিনিধি থাকা জরুরি বলেই দ্রুত ভোটের আয়োজন করা হচ্ছে। রাজনৈতিক পালাবদল, জনপ্রতিনিধিদের পদত্যাগ এবং মেয়াদের সমাপ্তির কারণে এই পুরসভাগুলিতে বর্তমানে প্রশাসকেরা দায়িত্ব পালন করছেন।
এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য সরকার অক্টোবর মাসের মধ্যেই ওয়ার্ড পুনর্বিন্যাস ও সংরক্ষণের কাজ শেষ করার তোড়জোড় শুরু করেছে। সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কৃষ্ণ গুপ্তা, যার অধীনে নির্বাচনের প্রস্তুতি দ্রুত গতিতে এগোচ্ছে। সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন বছরের শুরুতেই পুরসভাগুলিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে বোর্ড গঠন করার বিষয়ে প্রশাসন আশাবাদী।