বারুইপুর কাণ্ডে কড়া বার্তা শুভেন্দুর, অপরাধীদের রেহাই নেই!

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা এবং পরবর্তী গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। শনিবার বারুইপুরের সূর্যপুরে নবনির্মিত পুলিশ আউটপোস্টের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি এই ঘটনাকে ‘সুপরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে জানিয়েছেন, এর পেছনে বাংলা অশান্ত করার উদ্দেশ্যে সক্রিয় কিছু শক্তির হাত রয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এবং পুরো তদন্ত প্রক্রিয়াটি তিনি নিজে পর্যবেক্ষণ করছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকার ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান এবং তার বড় ভাইকে বারুইপুর পুলিশে সিভিক ভলান্টিয়ারের চাকরি প্রদান করেছে। এছাড়া, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় মাদক ও বেআইনি মদের ঠেক উচ্ছেদে পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সীমান্ত দিয়ে পলায়নরত চার অভিযুক্তকে এসটিএফ-এর মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় ব্যবসায়ীদের নির্ভয়ে দোকান খোলার আহ্বান জানিয়ে নির্যাতিতার বাড়িতে এবং ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে স্থায়ী পুলিশি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *