নাম-পরিচয় জেনেই খুন! ইন্দ্রজিতের পরিবারকে ২৫ লক্ষ টাকা ও চাকরি দিলেন শুভেন্দু
বারুইপুরের নৃশংস হত্যাকাণ্ডে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের পাশে দাঁড়িয়ে বড় পদক্ষেপ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে শোকার্ত বাবা-মায়ের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। পাশাপাশি, নিহতের দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার ঘোষণা করেছেন তিনি। শুভেন্দু অধিকারী দাবি করেন, ইন্দ্রজিতের মৃত্যু কোনো সাধারণ গণপিটুনি নয়, বরং এটি একটি সুপরিকল্পিত খুন। এই ঘটনার পেছনে রাজনৈতিক উস্কানি ও মৌলবাদীদের যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে তিনি দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন।
নিহতের পরিবারকে সহায়তার পাশাপাশি ইন্দ্রজিতের ক্ষতিগ্রস্ত বাড়ি সংস্কারের দায়িত্ব নেওয়া হয়েছে। একইসঙ্গে নিহতের বাবা-মায়ের জন্য বার্ধক্যভাতা ও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা নিশ্চিত করার ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত ৪ জুলাই নাবালিকা মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মাঝে সন্দেহের বশে ইন্দ্রজিৎকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করেছে।