‘এবার কোর্টে দেখা হবে’, তাপস মণ্ডলকে আইনি নোটিস সায়নীর!
নিয়োগ দুর্নীতি মামলায় নিজের নাম জড়ানোর প্রতিবাদে মামলার অন্যতম ‘মিডলম্যান’ তাপস মণ্ডলের বিরুদ্ধে আইনি নোটিস পাঠালেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং আর্থিক সুবিধা পাওয়ার যে অভিযোগ তাপস মণ্ডল তুলেছিলেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে সায়নী ৫ কোটি টাকার মানহানির মামলা করেছেন। আইনি নোটিসে তাপস মণ্ডলকে অবিলম্বে জনসমক্ষে ক্ষমা চাইতে এবং জরিমানা হিসেবে ৫ কোটি টাকা প্রদান করতে বলা হয়েছে।
সায়নী ঘোষের অভিযোগ, তাপস মণ্ডলের এই মন্তব্যে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা একজন জনপ্রতিনিধি হিসেবে কোনোভাবেই বরদাস্তযোগ্য নয়। এর আগে তদন্তকারী সংস্থার তলবে ৫০০ পাতার নথি জমা দেওয়ার কথা উল্লেখ করে সায়নী জানান, এতদিন এসব অভিযোগকে গুরুত্ব না দিলেও এবার তিনি আইনি পথে এর মোকাবিলা করবেন। তাপস মণ্ডল নির্দিষ্ট সময়ের মধ্যে সদুত্তর না দিলে আইনি লড়াই আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাংসদ।