জমি কিনে শিল্পপতিদের দেবে রাজ্য, শুভেন্দুর চাঞ্চল্যকর ঘোষণা!
বাংলার শিল্পায়নের পথ সুগম করতে জমি অধিগ্রহণ ও লাইসেন্স প্রদানের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনল রাজ্য সরকার। শনিবার হুগলির ডানকুনিতে ‘লাক্স কোজি’ গ্রুপের কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এখন থেকে রাজ্য সরকার সরাসরি জমি কিনে শিল্পপতিদের হাতে তুলে দেবে। ২০১৩ সালের ল্যান্ড পার্চেস নীতি অনুসরণ করে এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যে শিল্পের ক্ষেত্রে ‘জমি জট’ চিরতরে দূর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া, এবার থেকে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগকারী শিল্প প্রতিষ্ঠানের সব ধরনের ছাড়পত্র স্থানীয় প্রশাসনের পরিবর্তে নবান্ন বা কলকাতা থেকে ‘সেন্ট্রাল সিঙ্গল উইন্ডো সিস্টেম’-এর মাধ্যমে দেওয়া হবে, যাতে স্থানীয় স্তরের হয়রানি বা দুর্নীতি বন্ধ করা সম্ভব হয়।
ডানকুনিতে ‘লাক্স কোজি’ ইন্ডাস্ট্রিজের প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগের এই নতুন প্রকল্পটি ১২ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, তাপস রায়, শারদ্বত মুখোপাধ্যায় এবং অর্জুন সিং উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করতেই সরকার এই উদ্যোগ নিয়েছে। ল্যান্ড সেলিং পলিসিতেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।