চাকরি হবে ডাইরেক্ট ও ইনডাইরেক্ট, শিল্পমন্ত্রীর কথায় নতুন আশায় কর্মপ্রার্থীরা!
রাজ্যের শিল্পায়নের প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করে শনিবার ডানকুনিতে ‘লাক্স কোজি’-র দ্বিতীয় ও নতুন উৎপাদন ইউনিটের উদ্বোধন করা হয়েছে। সিঙ্গুর থেকে ১০ কিলোমিটার দূরে ২০ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে ৬০০ কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা এই মেগা প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক উৎপাদন ক্ষমতা ২০ কোটি পিস থেকে বাড়িয়ে ৩৫ কোটি পিসে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে বছরে প্রায় ১,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে।
এই প্রকল্পের হাত ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৯,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় জানান, রাজ্যের শিল্প মানচিত্রে এটি নতুন সংযোজন এবং পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে শিল্পায়নই একমাত্র পথ। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যে শিল্পের নতুন পরিবেশ নিয়ে ইতিবাচক মত প্রকাশ করে শিল্পপতিদের বাংলায় আসার আহ্বান জানিয়েছেন। তিনি সিঙ্গুরে ইমিটেশন জুয়েলারি পার্ক তৈরির প্রস্তাব দেওয়ার পাশাপাশি আশা প্রকাশ করেন যে, নতুন শিল্পনীতির মাধ্যমে আগামী এক বছরের মধ্যেই বাংলার শিল্পক্ষেত্রে বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে।