তালিকা আছে রেশন নেই! সরকারি খাতায় ভুতুড়ে ভোটারের সংখ্যা ৬২ হাজার!
কোচবিহারে রেশন কার্ডবিহীন ৬২ হাজার ভোটারের সন্ধান, চাঞ্চল্য খাদ্য দপ্তরে
কোচবিহার জেলায় ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও সরকারি রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত নন এমন প্রায় ৬২ হাজার ভোটারের সন্ধান পেয়েছে খাদ্য দপ্তর। ভোটার তালিকা ও রেশন কার্ডের তথ্যের গরমিল যাচাই করতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জেলা প্রশাসনের দেওয়া ১ লক্ষ ৯৮ হাজার ভোটারের নামের তালিকা খাদ্য দপ্তরের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে, যার মধ্যে এখন পর্যন্ত ১ লক্ষ ২০ হাজার নাম যাচাই করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ওই ৬২ হাজার ভোটারের কোনো হদিস রেশন কার্ডের নথিতে পাওয়া যায়নি।
প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটার তালিকা সংশোধনের সময় কোচবিহারে প্রায় ১ লক্ষ ২২ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ১ লক্ষাধিক ভোটারের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকা থেকে চূড়ান্তভাবে বাদ পড়া ব্যক্তিদের রেশন সুবিধা বন্ধ করা হবে। তবে ট্রাইব্যুনালে বিচারাধীন ১২ হাজার ভোটারের ক্ষেত্রে আপাতত এই নিয়ম প্রযোজ্য নয়। বাকি ৭৮ হাজার ভোটারের নাম যাচাইয়ের কাজ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য দপ্তর।