১০০ কোটির বিনিয়োগে মিলবে সিঙ্গল উইন্ডো সুবিধা, জমি নীতিতে এল বড় বদল!
জমি নীতিতে বড় পরিবর্তন ও শিল্পায়নের ঘোষণা মুখ্যমন্ত্রীর
ডানকুনি: রাজ্যে শিল্পায়নের জোয়ার আনতে জমি ক্রয় নীতিতে আমূল পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ডানকুনির এক শিল্প প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, শিল্পের প্রয়োজনে জমি এখন থেকে সরাসরি সরকার ক্রয় করবে এবং পরবর্তীতে তা বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে মধ্যস্থতাকারীদের দৌরাত্ম্য বন্ধ করে জমি পাওয়ার বিষয়টি আরও সহজ ও স্বচ্ছ করা হবে। এছাড়া, ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগকারী সংস্থাগুলোর জন্য ‘সিঙ্গল উইন্ডো সিস্টেম’ চালু করছে সরকার, যার ফলে তাদের বিভিন্ন দপ্তরে অনুমতি নেওয়ার জটিলতা পোহাতে হবে না। কেন্দ্রীয়ভাবে দ্রুত ছাড়পত্র ও জমি হস্তান্তরের ব্যবস্থা নিশ্চিত করবে রাজ্য।
রাজ্যের আট লক্ষ কোটি টাকার ঋণের বোঝা থাকলেও, বিনিয়োগের নিরিখে রাজ্যকে ভারত সেরা করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিল্পায়নের পাশাপাশি বেকারত্ব দূর করতে স্থানীয় ব্যবসায়ীদের কম সুদে ঋণ প্রদানের পরিকল্পনাও রয়েছে সরকারের। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বিদেশি বিনিয়োগ (FDI) আকর্ষণে সরকার বদ্ধপরিকর। শিল্পবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।