দল আর সরকার এক নয়, বঙ্গ বিজেপি নেতাদের কড়া বার্তা দিতে আসছেন শাহ!
বাংলায় ক্ষমতায় আসার পর দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও সরকারের কর্মপদ্ধতি নির্ধারণের লক্ষ্যে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে দুই দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরসূচি অনুযায়ী, ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই কারখানার শিলান্যাস করবেন তিনি। পরদিন, ১৯ জুলাই তিনি দলের রাজ্য নেতৃত্ব, সাংসদ ও বিধায়কদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন, যা সরকার ও দলের কাজের সীমারেখা নির্দিষ্ট করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে সরকার পরিচালনার ক্ষেত্রে দল ও প্রশাসনের মধ্যে পার্থক্য বজায় রাখা, শিল্পায়ন, কর্মসংস্থান এবং জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে অমিত শাহ দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি, সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের প্রার্থী করা নিয়ে দলের অন্দরে যে অস্বস্তি ও সংশয় তৈরি হয়েছে, সেই বিষয়েও তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেন। এক বছরের লক্ষ্যমাত্রা সামনে রেখে দলকে শৃঙ্খলার মধ্যে রাখা এবং মানুষের আস্থা অর্জনের কৌশল ঠিক করাই এই বৈঠকের মূল লক্ষ্য।