বুকের ভেতর আস্ত পাকস্থলী! সরকারি হাসপাতালে অসম্ভবকে সম্ভব করলেন চিকিৎসকরা
দীর্ঘদিন তীব্র বুক জ্বালা ও হজমের সমস্যায় ভোগা ৫৮ বছর বয়সী নমিতা হালদারের পাকস্থলীতে ‘হায়াটাটাস হার্নিয়া’ নামক জটিল সমস্যা ধরা পড়েছে। কলকাতার এম আর বাঙুর সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন যে, প্রৌঢ়ার পাকস্থলীটি ডায়াগ্রামের স্বাভাবিক ছিদ্র দিয়ে বুকের ভেতরে উঠে এসেছে। সাধারণ অ্যাসিডিটি ভেবে দীর্ঘদিন ওষুধ খেলেও কোনো আরোগ্য না মেলায় এই শারীরিক জটিলতাটি সামনে আসে।
এই জটিল পরিস্থিতি থেকে রোগীকে বাঁচাতে বিশিষ্ট সার্জন ডা. মাখনলাল সাহার নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফল ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। তিন ধাপের এই প্রক্রিয়ায় বুক থেকে পাকস্থলীকে পুনরায় পেটের ভেতরে স্থাপন করে ডায়াগ্রামের ছিদ্রটি ছোট করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি এড়াতে ‘নিসেন ফান্ডোপ্লিকেশন’ পদ্ধতিতে একটি কৃত্রিম ভালভ তৈরির মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা হয়েছে।