বাংলার শিল্পায়নে নতুন জোয়ার, টাটা-বিড়লাদের ফেরাতে প্রয়োজনে পায়ে ধরতেও রাজি তাপস রায়!
সিঙ্গুর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ডানকুনিতে প্রায় ২০ লক্ষ বর্গফুট এলাকাজুড়ে শুরু হলো ‘লাক্স কোজি’-র দ্বিতীয় উৎপাদন ইউনিটের নির্মাণকাজ। শনিবার এই প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়। ৬০০ কোটি টাকা বিনিয়োগের এই প্রকল্পের ফলে বার্ষিক উৎপাদন ২০ কোটি থেকে বেড়ে ৩৫ কোটিতে পৌঁছাবে, যা থেকে বছরে ১,০০০ কোটি টাকার রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে কারখানায় ২ মেগাওয়াট ক্ষমতার একটি সৌর বিদ্যুৎ প্রকল্প এবং একটি আধুনিক গোশালাও স্থাপন করা হয়েছে।
এই মেগা প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৯,০০০ মানুষের কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জানান, রাজ্যের শিল্পায়নের ধারা বজায় রাখতে আগামী দুর্গাপূজার আগেই আরও পাঁচটি বড় প্রকল্পের কাজ শুরু হবে। বিগত সরকারের আমলে শিল্প-খরা ও মেধা পাচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান সরকার রাজ্যের শিল্প মানচিত্র পরিবর্তনে বদ্ধপরিকর। এছাড়া রাজ্যের স্বার্থে ও নতুন প্রজন্মের ভবিষ্যতের জন্য প্রয়োজনে রাজ্য ছেড়ে চলে যাওয়া ৬,৬৮৮টি শিল্প প্রতিষ্ঠানের মালিকদের কাছে গিয়ে পুনরায় বিনিয়োগের অনুরোধ জানাতেও সরকার দ্বিধাবোধ করবে না বলে তিনি উল্লেখ করেন। উক্ত অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি লাক্স গ্রুপের কর্ণধাররা উপস্থিত ছিলেন।