ইথানল মিশ্রিত পেট্রল কি সত্যিই লোকসান বাড়াচ্ছে? আসল সত্যি জানাল কেন্দ্র!
ই-২০ জ্বালানিতে মাইলেজ কমতে পারে ৩ থেকে ৫ শতাংশ, জানাল পেট্রোলিয়াম মন্ত্রক
ইথানল মিশ্রিত ই-২০ জ্বালানি ব্যবহারের ফলে সাধারণ পেট্রলের তুলনায় গাড়ির মাইলেজ ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে বলে স্বীকার করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। একই সঙ্গে মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, এই জ্বালানির দাম কমার কোনো নিশ্চয়তা নেই। সরকারের ব্যাখ্যা অনুযায়ী, ই-২০ পেট্রলের দাম শুধু আন্তর্জাতিক বাজারের অশোধিত তেলের ওপর নয়, বরং অভ্যন্তরীণ বাজারে ইথানলের দামের ওপরও নির্ভর করে।
তবে মাইলেজ কিছুটা কমে গেলেও দীর্ঘমেয়াদে ই-২০ জ্বালানিকে সুবিধাজনক হিসেবেই দেখছে কেন্দ্র। জ্বালানি আমদানিতে দেশের খরচ কমানো এবং আমদানিনির্ভরতা হ্রাস করাই এর মূল লক্ষ্য বলে জানিয়েছে মন্ত্রক। এছাড়া, এই জ্বালানির উচ্চ অকটেন রেটিং ইঞ্জিনের কার্যক্ষমতা বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ এবং ইঞ্জিনকে দীর্ঘস্থায়ী করতে সহায়ক হবে বলেও উল্লেখ করা হয়েছে।