বিজেপিতে ঘাসফুলের তিন সাংসদ, অস্বস্তিতে কি শমীক ভট্টাচার্য?
রাজ্য বিজেপির নিচুতলায় তৃণমূলের কোনো নেতাকর্মীকে আর দলে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার উলুবেড়িয়ায় দলের এক সাংগঠনিক বৈঠকে তিনি কর্মীদের এই কড়া বার্তা দেন। সম্প্রতি কেন্দ্রীয় স্তরে তৃণমূলের তিন প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেবকে বিজেপিতে যোগদান করানো হয়েছে। সংসদীয় রাজনীতির স্বার্থে এবং বিল পাশের সুবিধার্থেই যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বৈঠক থেকে স্পষ্ট করেন তিনি।
এই দলবদলকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে শমীক ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় স্তরে ওই তিন নেতাকে দলে নেওয়ার উদ্দেশ্য একেবারেই আলাদা। এর অর্থ এই নয় যে রাজ্যে যথেচ্ছভাবে তৃণমূল কর্মীদের গেরুয়া শিবিরে টানা হবে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ভালো বা খারাপ তৃণমূল বলে আলাদা কিছু নেই এবং তৃণমূলের জন্য বিজেপির সব দরজা পুরোপুরি বন্ধ।