অভিষেক সরালেই ফিরবেন পুরনো নেতারা! বিস্ফোরক রবীন্দ্রনাথ ঘোষ
তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন শিবিরে যোগ দিয়েছেন উত্তরবঙ্গের প্রভাবশালী নেতা রবীন্দ্রনাথ ঘোষ। দল ত্যাগের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। প্রবীণ এই নেতার দাবি, দলের বর্তমান ভরাডুবির অন্যতম কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব। এছাড়া আইপ্যাকের মতো সংস্থাকে দলে জায়গা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দলের বড় ক্ষতি করেছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। রবীন্দ্রনাথের মতে, অভিষেককে রাজনীতির বৃত্ত থেকে সরিয়ে রাখা হলে মমতার অনুগত অনেক অভিজ্ঞ নেতা আবারও দলে ফিরে আসবেন।
নিজের ২২ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা ও অবদানের কথা স্মরণ করে রবীন্দ্রনাথ ঘোষ প্রশ্ন তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন আদৌ প্রকৃত কোনো ক্ষমতা অবশিষ্ট আছে কি না। তিনি অভিযোগ করেন যে, অযোগ্য ও দুর্নীতিতে অভিযুক্তদের হাতে দল পরিচালনার দায়িত্ব দেওয়ায় সাধারণ কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা অটুট থাকলেও দলের বর্তমান কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তিনি বলেন, উত্তরবঙ্গের তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দলত্যাগ করলেও আসল তৃণমূলের সুরক্ষাই তার লক্ষ্য বলে জানিয়েছেন এই নেতা।