খাস কলকাতায় নাবালিকা নিখোঁজ! ওসির শাস্তি শুনে চমকে উঠবেন আপনিও
কলকাতায় নাবালিকা নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ জানাতে গিয়ে চরম গাফিলতির শিকার হতে হয়েছে এক পরিবারকে। কড়েয়া থানা এলাকার আয়রন সাইড রোডের ওই নাবালিকা নিখোঁজ হওয়ার পর তার বাবা দ্রুত থানায় মৌখিক অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ পাওয়ার পরও কড়েয়া থানার পুলিশ দীর্ঘ ২২ ঘণ্টা পার করে এফআইআর রুজু করে। লালবাজারের অভ্যন্তরীণ তদন্তে এই গাফিলতির বিষয়টি প্রমাণিত হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এই ঘটনায় কড়েয়া থানার ওসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে লালবাজার কর্তৃপক্ষ। তদন্তে নিজের ভুল স্বীকার করার পরও ওসির একটি ইনক্রিমেন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ওসির শো-কজের উত্তর সন্তোষজনক না হওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল। বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করে ওই ওসিকে কড়েয়া থানা থেকে সরিয়ে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। খাস কলকাতায় পুলিশের এমন উদাসীন ভূমিকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।