বাংলার নতুন গুন্ডাদমন আইন, সোমবার থেকেই বাজেয়াপ্ত হবে দুষ্কৃতীদের সম্পত্তি!
পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে সোমবার থেকে কার্যকর হলো ‘গুন্ডাদমন আইন ২০২৬’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, অপরাধীদের দমনে প্রশাসনকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের আওতায় সিন্ডিকেটরাজ, তোলাবাজি, জমি দখল, বেআইনি বালি ও খনি কারবার, সাইবার অপরাধ এবং আর্থিক জালিয়াতিকে সমাজবিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন এই আইনের ক্ষমতাবলে, কোনো দাগী অপরাধীকে জেলাশাসক বা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা প্রয়োজনে বিনা বিচারে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আটকে রাখতে বা এলাকাছাড়া করতে পারবেন। পাশাপাশি, সংগঠিত অপরাধের মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনি অধিকারও এখন পুলিশের হাতে রয়েছে।
এই আইনের অপব্যবহার রোধে একটি ‘অ্যাডভাইসরি বোর্ড’ গঠন করা হলেও, জননিরাপত্তা রক্ষায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে আন্দোলন বা বিক্ষোভের নামে সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট, বাস-ট্রেন পোড়ানো বা পুলিশের ওপর হামলার ঘটনা ঠেকাতে একটি ‘ক্লেম কমিশন’ গঠন করা হচ্ছে। এই কমিশনের মাধ্যমে দাঙ্গা বা হিংসাত্মক ঘটনায় হওয়া সমস্ত ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য সরাসরি চিহ্নিত অভিযুক্তদের কাছ থেকে উশুল করা হবে। মূলত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টিকারীদের রুখতেই রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।