বালি খাদানে জওয়ানের এলোপাথাড়ি গুলি, রক্তস্নাত ২ কর্মী!
ঝাড়গ্রামের বিনপুর থানার বেতকুঁদরি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে দুই বালি খাদান কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাত ১০টা ৫ মিনিট নাগাদ এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় শুভদীপ ঘোষ ও অমিত মণ্ডল নামে ওই দুই শ্রমিককে প্রথমে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলেও, পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ শেষে বাড়ি ফেরার পথে সিআইএসএফ জওয়ানরা ওই দুই শ্রমিককে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন। অভিযোগ, সেই সময় এক জওয়ানের আগ্নেয়াস্ত্র থেকে আচমকা গুলি চললে শুভদীপের বুকের পিছনের অংশ ও বাঁ পায়ে এবং অমিতের বাঁ পায়ে গুলি লাগে। উল্লেখ্য, বীরভূমের দুবরাজপুর থানার বাসিন্দা এই দুই যুবক জীবিকার তাগিদে ঝাড়গ্রামে কাজ করছিলেন। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। পুলিশ সুপার মানব সিংলা জানিয়েছেন, প্রাথমিক তথ্যানুযায়ী এটি দুর্ঘটনাবশত গুলি চলার ঘটনা বলেই মনে হচ্ছে, তবে কী পরিস্থিতিতে এমন গাফিলতি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।