৭ বছর পর নাবালিকা ধর্ষণ মামলায় চাঞ্চল্যকর রায়, বেকসুর খালাস সৎবাবা!

২০১৮ সালে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সৎবাবাকে বেকসুর খালাস করল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ সাত বছর পর বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। ঘটনাটি উত্তর কলকাতার। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির পর কিশোরীটি তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এরপর নির্যাতিতার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালে নিম্ন আদালত পকসো আইনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছিল।

নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। শুনানিতে ডিভিশন বেঞ্চ জানায়, কিশোরীর গর্ভধারণের সঙ্গে অভিযুক্তকে যুক্ত করার মতো কোনো ডিএনএ বা ফরেনসিক প্রমাণ পুলিশের তদন্তে উঠে আসেনি। এছাড়া দেরিতে অভিযোগ দায়ের এবং চিকিৎসকদের রিপোর্টে অসংগতি থাকার বিষয়টি তদন্তের বড় গাফিলতি হিসেবে চিহ্নিত করেছে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, সন্দেহ যতই জোরালো হোক না কেন, তা প্রমাণের বিকল্প হতে পারে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *