বাস থেকে নামিয়ে দেওয়া হলো মন্ত্রীকে! কন্ডাক্টরের কাণ্ডে তোলপাড়
বেঙ্গালুরুতে গণপরিবহণ ব্যবস্থার বাস্তব চিত্র জানতে ফেস মাস্ক পরে ছদ্মবেশে বাসে উঠেছিলেন কর্ণাটকের পরিবহণ মন্ত্রী বাইরাথি সুরেশ। হেব্বাল-নাগাশেট্টিহাল্লি রুটের একটি বাসে টিকিটের জন্য মন্ত্রী ১০০ টাকার নোট দিলে কন্ডাক্টর খুচরো নেই জানিয়ে তাঁকে সরাসরি বাস থেকে নেমে যেতে বলেন। এই অভিজ্ঞতার মাধ্যমে সাধারণ যাত্রীরা নিত্যদিন যে ধরনের হেনস্থার শিকার হন, তা মন্ত্রীর কাছে স্পষ্ট হয়ে ওঠে।
শনিবার প্রায় দুই ঘণ্টা ধরে ১০টিরও বেশি বাসে সফর করে মন্ত্রী যাত্রীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় ফান ওয়ার্ল্ড বাস স্টপে যাত্রীর অনুরোধ সত্ত্বেও বাস না থামানোর অপরাধে সংশ্লিষ্ট চালক ও কন্ডাক্টরকে তিনি অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেন। পাশাপাশি, অটো রিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নিয়েও তিনি হস্তক্ষেপ করেন। মন্ত্রী জানান, চালক ও কন্ডাক্টরদের আচরণ উন্নত করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।