রাজ্যসভায় চমক বিজেপির, তৃণমূল ত্যাগী নেতাদের টিকিট দিয়ে বড় বাজি গেরুয়া শিবিরের!
তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বড়াইক সোমবার রাজ্যসভা নির্বাচনের জন্য নিজেদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা গ্রহণের পরপরই এই তিন হেভিওয়েট নেতাকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
বিধানসভার বর্তমান আসন সংখ্যা অনুযায়ী, রাজ্যসভায় জয়ের জন্য একজন প্রার্থীর প্রয়োজন ১৪৭টি ভোট। বিজেপির ২০৭ জন বিধায়ক থাকায় গাণিতিকভাবে এই তিন প্রার্থীর জয় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার মনোনয়ন পত্র পরীক্ষা করা হবে এবং আগামী ১৭ তারিখ বিকেল ৩টে পর্যন্ত প্রার্থীরা তা প্রত্যাহার করতে পারবেন। এরপর বিধানসভার সচিব তথা রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাস জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেবেন।