ধর্ষণের বাধা দেওয়ায় নৃশংস খুন গৃহবধূ, অলৌকিকভাবে বাঁচল শিশুকন্যা!
আলিপুরদুয়ারের বীরপাড়া আইটিআই এলাকায় এক গৃহবধূকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ফাঁকা বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা তাঁকে হত্যার পাশাপাশি তাঁর সাত বছরের শিশুকন্যাকেও বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করে। মৃতদেহটিতে একাধিক আঘাত ও কামড়ের দাগ পাওয়া গেছে। পরিবারের দাবি, ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়াতেই ওই গৃহবধূকে নির্মমভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
রাতের দিকে এক আত্মীয় বাড়িতে এসে মা ও মেয়েকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। কর্মসূত্রে মৃতার স্বামী ভিনরাজ্যে থাকেন। বেঁচে যাওয়া আতঙ্কিত শিশুকন্যা পুলিশকে জানিয়েছে, সে ঘরে মুখে গামছা বাঁধা একজনকে দেখেছিল। পুলিশের প্রাথমিক অনুমান, পরিচিত কেউ এই অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে। শিশুর বয়ানের ভিত্তিতে সন্দেহভাজন একজনকে আটক করে আলিপুরদুয়ার থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।